September 30, 2026, 10:35 pm

কিশোরী ধর্ষণের অভিযোগে তিনজন গ্রেপ্তার

এম ডি রহিম মিয়া

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৪ বছর বয়সী এক কিশোরীকে জোরপূর্বক অটোরিকশায় তুলে নিয়ে ভাড়া বাসায় আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে কয়েকজন যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা করার পর এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় কাজ শেষে বাড়ি ফেরার পথে কিশোরীর পথরোধ করে তাকে শ্রীমঙ্গলের ইছবপুর এলাকায় একটি ভাড়া বাসায় নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। সেখানে শনিবার সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত তাকে আটকে রেখে ধর্ষণ করা হয়েছে বলে এজাহারে উল্লেখ রয়েছে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে শ্রীমঙ্গল রেলস্টেশনে ফেলে যাওয়ার অভিযোগ করা হয়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে পাঠানো হয়।
গ্রেপ্তাররা হলেন শ্রীমঙ্গলের ইছবপুর এলাকার দুলাল মিয়া (৩১), হবিগঞ্জ সদর উপজেলার চানপুর গ্রামের মো. জুয়েল মিয়া ওরফে সোহেল (২৬) এবং একই উপজেলার রিচি গ্রামের আল আমিন ইসলাম (২০)। ভুক্তভোগীর বাবা বুধবার শ্রীমঙ্গল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। শ্রীমঙ্গল থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার পর অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনাটির তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



ফেসবুক কর্নার