September 30, 2026, 11:18 pm

হুমকি-ধমকিতে বিএনপি ভয় পায় না: প্রতিমন্ত্রী

শাকিল আহম্মেদ, স্টাফ রিপোর্টার, মোকামতলা, বগুড়া।

 

বগুড়ার মোকামতলায় গুপ্ত ও নিষিদ্ধ সংগঠনের ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় মোকামতলা উপজেলা বিএনপির আয়োজনে এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। মিছিলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ অংশ নেন।

সমাবেশে মীর শাহে আলম বলেন, বিভিন্ন কর্মসূচির নামে একদিকে এক ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে, অন্যদিকে বাস্তবে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। তাঁর দাবি, একটি গুপ্ত সংগঠন বিভিন্ন দলের সমন্বয়ে অস্থিরতা সৃষ্টি করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পথ তৈরি করার চেষ্টা করছে। তবে দেশের মানুষ সজাগ রয়েছে এবং বিএনপির যেকোনো ষড়যন্ত্র ও অপতৎপরতা মোকাবিলার সক্ষমতা রয়েছে।

বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘ ২০ বছর নানা নির্যাতন-নিপীড়ন সহ্য করেও দলটি আন্দোলন চালিয়ে গেছে এবং জনগণের সমর্থনে সরকার গঠন করেছে। তাই হুমকি-ধমকিতে বিএনপি ভয় পায় না। জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে। তিনি আরও বলেন, মোকামতলাসহ দেশের বিভিন্ন অঞ্চলের সুষম উন্নয়নে সরকার কাজ করছে।



ফেসবুক কর্নার