
অনুমতি ছাড়া নাম, ছবি ও ভিডিও ব্যবহার করে ব্যবসা করার অভিযোগে লস অ্যাঞ্জেলেসভিত্তিক একটি এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ৭০০০ কোটি রুপি পর্যন্ত ক্ষতিপূরণ দাবি করা হতে পারে বলে জানিয়েছেন অভিনেত্রী ও তার টিম। তবে অভিযুক্ত প্রতিষ্ঠানটির নাম প্রকাশ করা হয়নি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে উর্বশী ও তার টিমের পক্ষ থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে জানানো হয়, ওই এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। তাদের অভিযোগ, উর্বশীর নাম, ছবি ও ভিডিও কোনো ধরনের অনুমতি ছাড়াই ব্যবহার করেছে প্রতিষ্ঠানটি। এসব কনটেন্ট ব্যবহার করে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
উর্বশীর টিমের দাবি, প্রতিষ্ঠানটির ব্যবসায়িক মূল্য কয়েকশ কোটি টাকা নয়, কয়েকশ কোটি ডলারে পৌঁছেছে। এ ঘটনায় বিপুল অঙ্কের ক্ষতিপূরণ দাবি করা হচ্ছে। প্রাথমিকভাবে ক্ষতিপূরণের পরিমাণ ৭০০০ কোটি রুপি পর্যন্ত হতে পারে বলে বিবৃতিতে জানানো হয়েছে। তবে আইনি প্রক্রিয়ায় চূড়ান্ত ক্ষতিপূরণের পরিমাণ কী হবে, তা এখনো নিশ্চিত নয়।