October 1, 2026, 11:21 pm

নতুন সিনেমার আগে অজানা ভয় তাড়া করে মিমিকে

অভয়নগর প্রতিবেদক

সৃজিত মুখার্জির পরিচালনায় আগামী দুর্গাপূজায় বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। সিনেমাটিতে আবির চ্যাটার্জির বিপরীতে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী। এর আগে ‘রক্তবীজ’ সিনেমায় একসঙ্গে কাজ করলেও এবার দুজনই তরুণ বিপ্লবীর চরিত্রে অভিনয় করেছেন। সিনেমার প্রচারে অংশ নিয়ে এক সাক্ষাৎকারে মিমি জানিয়েছেন, নতুন সিনেমার শুটিং শুরুর আগের রাতে এখনো ঠিকমতো ঘুমাতে পারেন না তিনি।

মিমির ভাষ্য, বহু বছর ধরে টালিউড ইন্ডাস্ট্রিতে কাজ করলেও নতুন কোনো সিনেমার শুটিং শুরুর আগে এক ধরনের অজানা ভয় ও মানসিক চাপ তাকে তাড়া করে। এই চাপ কাটাতে শুটিংয়ের প্রথম দিন নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগেই সেটে পৌঁছে যান তিনি। সেখানে কারা কাজ করছেন এবং সবাই কীভাবে কাজ করছেন, তা কাছ থেকে পর্যবেক্ষণ করেন। নতুন কাজ শুরুর আগে এই মানসিক চাপই তার ঘুমের সমস্যার মূল কারণ বলে জানান অভিনেত্রী।

এদিকে ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’ সিনেমায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করবেন টোটা রায় চৌধুরী। একই সিনেমায় শরৎচন্দ্রের ‘পথের দাবী’ উপন্যাসের সব্যসাচী চরিত্রে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে। সিনেমাটিতে গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন মিমি চক্রবর্তী, দিব্যাণী মণ্ডল ও ঋক চট্টোপাধ্যায়।



ফেসবুক কর্নার