October 1, 2026, 11:26 pm

ইয়ারপুর ইউপিতে রাজস্ব আদায়ে অনিয়মের অভিযোগ

আলামিন ধামরাই ঢাকা

সাভারের আশুলিয়ার ৪ নম্বর ইয়ারপুর ইউনিয়ন পরিষদের সচিব মো. আফজাল হোসেনকে ঘিরে ট্রেড লাইসেন্স ও কর আদায়ে অসঙ্গতি, অতিরিক্ত অর্থ গ্রহণ এবং রাজস্ব হিসাবের গরমিলের অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, কিছু ক্ষেত্রে নথিতে উল্লেখিত অর্থের চেয়ে বেশি টাকা নেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা যাচাইয়ে রশিদ, ভাউচার, রাজস্ব রেজিস্টার, অনলাইন রেকর্ড ও ব্যাংক হিসাব পর্যালোচনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
অভিযোগ অনুযায়ী, একটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে নথিতে মোট ১০ হাজার ২৩০ টাকা থাকলেও ৮০ হাজার টাকা নেওয়া হয়েছে। অন্য একটি প্রতিষ্ঠানের কাছ থেকে ২ লাখ ৪০ হাজার টাকা নেওয়ার অভিযোগের বিপরীতে রশিদে ২ লাখ ৮০ হাজার টাকা উল্লেখ রয়েছে। এছাড়া প্রশাসক পরিবর্তন ও কথিত বদলি ঠেকাতে ১০–১২ লাখ টাকা লেনদেন, বহিরাগত ব্যক্তিকে দাপ্তরিক কাজে সম্পৃক্ত করা এবং প্রাইভেটকার ব্যবহারের অভিযোগও রয়েছে।
স্থানীয়দের দাবি, ২০২৫–২৬ অর্থবছরে ইউনিয়ন পরিষদের সব রাজস্ব আদায়ের পূর্ণাঙ্গ অডিট করা হোক এবং অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করা হোক। একই সঙ্গে সচিবের কথিত সম্পদের মালিকানা ও অর্থের উৎস সরকারি নথির মাধ্যমে যাচাইয়ের দাবি জানিয়েছেন তারা। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা এবং অভিযোগ সত্য না হলে তদন্তের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করার দাবি তাদের।



ফেসবুক কর্নার