October 1, 2026, 11:21 pm

বিমান দুর্ঘটনায় প্রাণ গেল ইসরায়েলি অভিনেতার

অভয়নগর প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার হেসপেরিয়ায় ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন ইসরায়েলি অভিনেতা ও উড়োজাহাজ প্রশিক্ষক গাই কাপুলনিক। ২৪ সেপ্টেম্বরের ওই দুর্ঘটনায় ৪৬ বছর বয়সী কাপুলনিকের সঙ্গে থাকা ৩৩ বছর বয়সী যাত্রী টেলর লাসকাও নিহত হন। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সামিট ভ্যালি ও টেলিফোন ক্যানিয়ন সড়কের কাছে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। ঘটনাস্থলে উদ্ধারকারীরা উড়োজাহাজটিকে সামনের অংশ নিচের দিকে থাকা অবস্থায় দেখতে পান।
অভিনয়জগতে কাপুলনিক ‘রুম ৫১৪’, ‘হ্যাকড’, ‘দ্য কল অব দ্য ওয়াইল্ড’ ও ‘লেবানন’সহ বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেছেন। বিনোদনজগতে আসার আগে তিনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বিশেষ অনুসন্ধান ও উদ্ধার ইউনিটে কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। পরে হাইফার টেকনিয়ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা এবং জেরুজালেমের নিশান নাতিভ অভিনয় শিক্ষাকেন্দ্রে প্রশিক্ষণ নেন। সাম্প্রতিক বছরগুলোতে উড়োজাহাজ চালানোর প্রশিক্ষক হিসেবেও কাজ করছিলেন তিনি।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কাপুলনিক কৌতূহলী, কর্মচঞ্চল ও দুঃসাহসিক প্রকৃতির মানুষ ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ছবিতে তাকে বেসামরিক বিমান পরিবহন পাইলটের প্রশিক্ষণ সম্পন্ন করার সনদ হাতে দেখা যায়। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। যুক্তরাষ্ট্রের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও জাতীয় পরিবহন নিরাপত্তা কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। কাপুলনিক স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।



ফেসবুক কর্নার