October 1, 2026, 11:23 pm

‘লং ড্রাইভ’-এ কেয়া পায়েল ও ইরফান সাজ্জাদ

অভয়নগর প্রতিবেদক

সেলিব্রিটি জীবনযাত্রার গল্প নিয়ে নির্মিত নতুন অনুষ্ঠান ‘লং ড্রাইভ’-এ খোলামেলা আড্ডায় আসছেন তানজিন তিশা, কেয়া পায়েল ও ইরফান সাজ্জাদসহ দেশের জনপ্রিয় তারকারা। ক্রিয়েটিভ এজেন্সি আইডিয়া স্পেসের প্রযোজনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন মডেল ও অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। কন্টেন্ট স্পেসের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে।

ইতোমধ্যে অনুষ্ঠানটির প্রথম পর্বে অভিনেত্রী বিদ্যা সিনহা মিম উপস্থিত হয়েছেন। সম্প্রতি পর্বটি অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে। ‘লং ড্রাইভ’-এর ধারণার প্রবক্তা চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় সোমাদ্দার জানান, এটি সাধারণ কোনো সেলিব্রিটি টক শো নয়; বরং তারকাদের জীবনযাত্রার গল্প তুলে ধরার আয়োজন। অনুষ্ঠানে তারকাদের ভক্তদের সঙ্গে কাটানো সময়ের পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশু ও অনগ্রসর মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগও তুলে ধরা হবে।

অনুষ্ঠানের প্রযোজক ইশতি আহমেদ বলেন, তারকাদের ব্যক্তিগত জীবনের অজানা গল্প এবং গাড়ি চালানোর আনন্দ তুলে ধরার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি সমাজের প্রতি দায়িত্ববোধের বার্তাও থাকবে। দর্শকরা ডোয়েল স্ট্রিমিং সার্ভিসেও অনুষ্ঠানটি দেখতে পারবেন। এটি শোটির ওভার-দ্য-টপ (ওটিটি) প্ল্যাটফর্ম পার্টনার হিসেবে যুক্ত রয়েছে।



ফেসবুক কর্নার