
মৌলভীবাজারে ৮০ বোতল বিদেশি মদসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মদ পরিবহনের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার রসুলপুর এলাকার মো. শফিকুল ইসলামের ছেলে মেহেদী হাসান ওরফে সকাল (৩২) এবং ইটাগাছা এলাকার মো. শফিকুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার সদর মডেল থানার শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ওবায়দুল্লাহর নেতৃত্বে বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোরে শেরপুর গোলচত্বর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালানো হয়। এ সময় সিলেট থেকে ঢাকাগামী খুলনা মেট্রো-ট-১১-২৩১৭ নম্বরের ট্রাকটি থামিয়ে তল্লাশি করা হয়। চালক ও হেলপারের সিটের পেছনে রাখা চারটি চটের বস্তা থেকে এসব মদ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া মদের মধ্যে ROYAL STAG DELUXE WHISKY-এর ৪৬ বোতল, ICONiQ WHITE FINEST INTERNATIONAL GRAIN WHISKY-এর ১৬ বোতল এবং AC BLACK PURE GRAIN DELUXE WHISKY-এর ১৮ বোতল রয়েছে। মদ পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন বিক্রয়ের উদ্দেশ্যে মদের চালানটি ঢাকায় নেওয়ার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।