October 2, 2026, 11:39 pm

মেসি-পরবর্তী আর্জেন্টিনায় স্কালোনির ‘প্রজেক্ট ২০৩০’

অভয়নগর প্রতিবেদক

লিওনেল মেসি-পরবর্তী আর্জেন্টিনা গড়তে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন কোচ লিওনেল স্কালোনি। বলিভিয়াকে হারিয়ে নতুন প্রজন্মের খেলোয়াড়দের নিয়ে সেই পরিকল্পনার প্রথম ধাপের পরীক্ষায় সাফল্য পেয়েছে আর্জেন্টিনা। অক্টোবরের উইন্ডোয় ডাক পাওয়া ৩৭ খেলোয়াড়ের ১৯ জন স্কালোনির শুরুর সময় থেকেই দলের সঙ্গে ছিলেন। এর পেছনে বয়সভিত্তিক দল থেকে খেলোয়াড় তৈরির যে কাঠামো গড়ে উঠেছে, তার শুরু ২০১৭ সালে দিয়েগো প্লাসেন্তে ও পাবলো আইমারের যুব কাঠামোয় যুক্ত হওয়ার মাধ্যমে।
কাতার বিশ্বকাপজয়ী দলেরও বড় একটি অংশ বয়সভিত্তিক দল থেকে উঠে এসেছিল। হুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার ও তিয়াগো আলমাদা বিভিন্ন বয়সভিত্তিক দলে কাজ করা কোচদের অধীনে খেলেছেন। ২০২৬ বিশ্বকাপের দলেও ফাকুন্দো মেদিনা ও নিকোলাস গনসালেসসহ আরও অনেকে সেই ধারার অংশ। স্পেনের বিপক্ষে ফাইনালে যাওয়া দলের ৩৮ দশমিক ৬ শতাংশ খেলোয়াড় অন্তত একটি বয়সভিত্তিক দলে খেলেছিলেন। এবারের দলে সেই হার ৫১ শতাংশ ছাড়িয়েছে।
নতুন প্রজন্মের বড় অংশ এসেছে হাভিয়ের মাসচেরানোর অধীনে অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-২৩ দলে খেলা ফুটবলারদের মধ্য থেকে। নিকো পাজ, আগুস্তিন গিয়াই, ভালেন্তিন গোমেজ, ভালেন্তিন বার্কো, রোমান বেগা ও মাতিয়াস সোলে তাদের মধ্যে রয়েছেন। মেসি, নিকোলাস ওতামেন্দি ও দি মারিয়ার অধ্যায় শেষের দিকে থাকায় পারেদেস, লো সেলসো ও দি পলদের জায়গাতেও ভবিষ্যতে নতুনরা আসবেন। স্কালোনি জানিয়েছেন, সিস্টেমের চেয়ে খেলোয়াড়দের বেশি পরখ করবেন তিনি। এভাবেই ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে দল পুনর্গঠনের পরিকল্পনা এগিয়ে নিচ্ছে আর্জেন্টিনা।



ফেসবুক কর্নার