October 5, 2026, 4:22 am

উন্নত চিকিৎসায় এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই ফিরছেন নুসরাত

অভয়নগর প্রতিবেদক

বলিউড অভিনেত্রী নুসরাত ভরুচা ইন্দোনেশিয়ার বালিতে শুটিং ও অবকাশযাপনে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন। এতে তার মেরুদণ্ডে চিড় ধরেছে বলে অভিনেত্রীর জনসংযোগ (পিআর) টিম জানিয়েছে। বর্তমানে বালির একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। উন্নত চিকিৎসা ও জরুরি অস্ত্রোপচারের জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে মুম্বাইয়ে ফিরিয়ে নেওয়া হচ্ছে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পেশাগত কাজের জন্য বালিতে গিয়েছিলেন নুসরাত। কাজ শেষে আরও কয়েক দিন সেখানে অবকাশযাপনের পরিকল্পনা ছিল তার। এর মধ্যেই দুর্ঘটনার শিকার হলে তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়। প্রথম দিকে তার আঘাতের মাত্রা স্পষ্ট না হলেও পরে পিআর টিম মেরুদণ্ডে গুরুতর ফাটল বা চিড় ধরার বিষয়টি নিশ্চিত করে।
শারীরিক অবস্থা বিবেচনায় ঝুঁকি এড়াতে তাকে মুম্বাইয়ে ফিরিয়ে এনে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবরটি প্রকাশের পর নুসরাতের ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করতে সবার প্রতি আহ্বান জানিয়েছে অভিনেত্রীর টিম। একই সঙ্গে সংবেদনশীল এই সময়ে তার ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করা হয়েছে। ভক্তদের শুভকামনা ও বার্তার জন্য কৃতজ্ঞতাও জানিয়েছে পিআর টিম।



ফেসবুক কর্নার