
হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসনের রূপচর্চার ব্র্যান্ড ‘দ্য আউটসেট’ চার বছর পর কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে। গত ২৮ সেপ্টেম্বর ব্র্যান্ডটির অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া এক বার্তায় এ সিদ্ধান্ত জানানো হয়। বিদায়ী বার্তায় প্রতিষ্ঠানটি তাদের যাত্রায় পাশে থাকা এবং নিয়মিত পণ্য ব্যবহারের জন্য ক্রেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
ঘোষণার পর ব্র্যান্ডটির ওয়েবসাইটে নতুন করে পণ্য কেনার সুযোগ বন্ধ হয়ে গেছে। তবে এর আগে যারা পণ্য অর্ডার করেছেন, তাদের কাছে নির্ধারিত নিয়মে সেসব পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ২০২১ সালে ব্র্যান্ডটি চালুর ঘোষণা দেন স্কারলেট। পরের বছর সৌন্দর্যশিল্পের নির্বাহী কেট ফস্টারের সঙ্গে যৌথভাবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ‘দ্য আউটসেট’। সংবেদনশীল ত্বকের উপযোগী এবং ক্ষতিকর উপাদানমুক্ত রূপচর্চার পণ্য তৈরি ছিল এর অন্যতম লক্ষ্য।
গত বছর কেট ফস্টার প্রতিষ্ঠানটি থেকে সরে দাঁড়ানোর পর পরিচালনা নিয়ে টানাপড়েন শুরু হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার পুরোপুরি কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিল ব্র্যান্ডটি। সাম্প্রতিক সময়ে তারকাদের সৌন্দর্য ও প্রসাধনসামগ্রীর ব্র্যান্ডগুলোও বাজারে কঠিন প্রতিযোগিতার মুখে পড়ছে। এর আগে গায়িকা গুয়েন স্তেফানির ‘গিভ বিউটি’ এবং অভিনেত্রী ড্রু ব্যারিমোরের ‘ফ্লাওয়ার বিউটি’র মতো ব্র্যান্ডও কার্যক্রম গুটিয়ে নিয়েছে।