
রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ ও ‘বর্ডার ২’-এর মতো আলোচিত সিনেমাকে পেছনে ফেলে ৯৯তম অস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে ‘সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম’ বিভাগে ভারতের প্রতিনিধিত্ব করবে মারাঠি সিনেমা ‘গোনধল’। ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়ার ১৪ সদস্যের জুরি বোর্ড দেশটির ৩৩টি সিনেমার মধ্য থেকে এটি নির্বাচন করেছে। অথচ মাত্র ৫ কোটি রুপি বাজেটের সিনেমাটি গত বছরের নভেম্বরে মুক্তির পর আয় করেছে প্রায় ৯০ লাখ রুপি।
নির্মাতা সন্তোষ দেবাকর সিনেমাটির গল্প লেখা ও পরিচালনা করেছেন। অস্কারে মনোনয়ন পাওয়ার পর তিনি জানান, ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতিকে তুলে ধরার লক্ষ্যেই সিনেমাটি নির্মাণ করেছেন। জুরি সদস্য বিবেক ভাসওয়ানি জানান, বাণিজ্যিক সাফল্য বা তারকাখ্যাতির চেয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতার উপযোগী মৌলিক গল্প ও নান্দনিকতাকে গুরুত্ব দেওয়া হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, ১৪ সদস্যের জুরিতে ‘ধুরন্ধর’-এর পক্ষে ভোট পড়ে চারটি।
অস্কারে নির্বাচনের আগেই ‘গোনধল’ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালকের ‘সিলভার পিকক’ এবং বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ফিপ্রেসকি’ পুরস্কার পেয়েছে। সিনেমাটির গল্পের পটভূমিতে রয়েছে গ্রামীণ মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী রাতভর লোকজ আচার ‘গোনধল’। ১১৭ মিনিটের সিনেমাটিতে দেব-বন্দনা, নৃত্য ও সংগীতের আবহে ভালোবাসা, ছলনা ও বেঁচে থাকার লড়াই উঠে এসেছে। আগামী ৯ অক্টোবর থেকে ভারতের বিভিন্ন শহরে বিশেষ প্রদর্শনী শুরু হবে।