
আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য না থাকলে মাস শেষে হাতে টাকা রাখা কঠিন হয়ে পড়ে। তবে কিছু অভ্যাস পরিবর্তন ও পরিকল্পিতভাবে খরচ করলে সীমিত আয়ের মধ্যেও নিয়মিত সঞ্চয় করা সম্ভব। সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে মাসের শুরুতেই আয় ও সম্ভাব্য ব্যয়ের একটি বাজেট তৈরি করা জরুরি। এতে অপ্রয়োজনীয় খরচ চিহ্নিত করে তা কমানো সহজ হয়।
সঞ্চয়ের জন্য যাতায়াতে অপ্রয়োজনীয় খরচ কমানো, প্রয়োজন ছাড়া কেনাকাটা না করা এবং নিয়মিত খরচের হিসাব রাখা যেতে পারে। দীর্ঘদিন সংরক্ষণযোগ্য প্রয়োজনীয় পণ্য ছাড়ের সময়ে কেনা, অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মের দাম ও অফার তুলনা করা এবং বাইরে খাওয়ার ব্যয় কমানোও কার্যকর হতে পারে। একই সঙ্গে অপ্রয়োজনীয় কেনাকাটায় ক্রেডিট কার্ড ব্যবহার এড়িয়ে চলা উচিত।
নিয়মিত সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে আয় পাওয়ার পরই সামর্থ্য অনুযায়ী একটি নির্দিষ্ট অংশ আলাদা করে রাখা যেতে পারে। প্রয়োজনে স্বয়ংক্রিয় সঞ্চয় ব্যবস্থাও ব্যবহার করা যায়। নিমন্ত্রণ ও উপহার কেনার ক্ষেত্রেও নিজের বাজেট বিবেচনা করা প্রয়োজন। বড় অঙ্কের অর্থ জমার অপেক্ষা না করে অল্প অল্প করে নিয়মিত সঞ্চয় করলেই ধীরে ধীরে আর্থিক শৃঙ্খলা তৈরি হতে পারে।