
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পথের দাবী’ প্রকাশের শতবর্ষ উপলক্ষে নির্মিত হয়েছে সিনেমা ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’। সৃজিত মুখার্জি পরিচালিত সিনেমাটির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে ছোট পর্দার পরিচিত মুখ দিব্যাণী মণ্ডলের। নতুন প্রজন্মের অভিনয়শিল্পীদের কাজের সুযোগ দেওয়ার পাশাপাশি তাদের কাছ থেকেও বিভিন্ন বিষয় শিখছেন বলে জানিয়েছেন সৃজিত। বিশেষ করে দিব্যাণীর কাছ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নানা খুঁটিনাটি শিখছেন তিনি।
মুক্তির আগে ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনকে দেওয়া সাক্ষাৎকারে সৃজিত বলেন, দিব্যাণীর কাছ থেকে ইনস্টাগ্রাম ব্যবহার, রিলস শুট ও গ্রিড সাজানোর মতো বিষয় শিখছেন তিনি। নতুন প্রজন্মের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের দক্ষতার প্রশংসা করে সৃজিত জানান, তাদের সমাজ, রাজনীতি, সম্পর্ক ও সংগীত নিয়ে দৃষ্টিভঙ্গি তার নিজের চিন্তার সঙ্গে নতুনভাবে পরিচয় করিয়েছে। তিনি বলেন, যেকোনো প্রজন্মের কাছ থেকেই অন্য প্রজন্মের অনেক কিছু শেখার আছে।
সৃজিতের সিনেমায় বড় তারকাদের সঙ্গে প্রথমবার কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত দিব্যাণী। ‘ফুলকি’ ধারাবাহিকের মাধ্যমে পরিচিতি পাওয়া এই অভিনেত্রী জানান, শুরুতে কিছুটা ভয় কাজ করত। বকুনি খাওয়ার ভয়ে তিনি ও ঋক শুটিংয়ে সব সংলাপ মুখস্থ করে যেতেন। সিনেমায় ‘ভারতী’ চরিত্রে দিব্যাণীকে নেওয়ার বিষয়ে সৃজিত বলেন, চরিত্রটির অন্তর্নিহিত সারল্য ফুটিয়ে তুলতে নতুন মুখের প্রয়োজন ছিল। নন্দী মুভিজের ব্যানারে প্রদীপ কুমার নন্দী প্রযোজিত সিনেমাটি আগামী ১৫ অক্টোবর দুর্গাপূজায় মুক্তি পাবে। এতে শরৎচন্দ্রের চরিত্রে টোটা রায়চৌধুরী, সব্যসাচী মল্লিকের চরিত্রে আবীর চট্টোপাধ্যায় ও রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকায় সঞ্জয় নাগ অভিনয় করেছেন।