October 4, 2026, 11:50 pm

তারকা হওয়ার স্বপ্নে কেন বদলেছিলেন ইধিকা নাম

অভয়নগর প্রতিবেদক

ঢালিউড তারকা শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয় করে বড় পর্দায় আলোচনায় আসেন ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল। এরপর শাকিবের সঙ্গে ‘বরবাদ’ এবং টালিউডে দেবের বিপরীতে ‘খাদান’ সিনেমায় অভিনয় করে দুই বাংলাতেই পরিচিতি পান তিনি। তবে পর্দার এই অভিনেত্রীর আসল নাম ইধিকা নয়। অভিনয় জীবনের শুরুর দিকে তার নাম ছিল ‘টুম্পা পাল’। ‘আরব্য রজনী’, ‘কপালকুণ্ডলা’ ও ‘রিমলি’সহ বিভিন্ন টেলিভিশন ধারাবাহিকে কাজের সময় তিনি টুম্পা নামেই পরিচিত ছিলেন।
শোনা যাচ্ছে, রুপালি জগতে স্থায়ী পরিচিতি তৈরি এবং বড় পর্দায় আত্মপ্রকাশের কথা ভেবেই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেন অভিনেত্রী। ‘টুম্পা’ নামটি বেশ প্রচলিত ও সাধারণ হওয়ায় ইন্ডাস্ট্রিতে আলাদা পরিচিতি তৈরি করতে ভিন্নধর্মী একটি নামের খোঁজ করছিলেন তিনি। সেই ভাবনা থেকেই পরবর্তীতে ‘ইধিকা’ নামটি বেছে নেন বলে জানা গেছে। নাম পরিবর্তনের পর নতুন পরিচয়ে বড় পর্দায় পথচলা শুরু করেন তিনি।
বর্তমানে ছোট পর্দার গণ্ডি পেরিয়ে শাকিব খান ও দেবের মতো তারকাদের সঙ্গে চলচ্চিত্রে কাজ করে ব্যস্ত সময় পার করছেন ইধিকা। জানা গেছে, নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের ‘কুইন ভিক্টোরিয়া ও গোয়েন্দা কানাইচরণ’ চলচ্চিত্রে দেখা যাবে তাকে। পাশাপাশি পরিচালক পথিকৃৎ বসুর একটি নতুন প্রকল্পে অভিনেতা জিতের বিপরীতেও তার অভিনয়ের বিষয়ে আলোচনা চলছে। তবে এ বিষয়ে প্রযোজনা সংস্থা বা সংশ্লিষ্ট শিল্পীদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।



ফেসবুক কর্নার