October 3, 2026, 11:44 pm

দু-একটি অঘটনে আলেমদের অপরাধী করা হয়: জামায়াত আমির

অভয়নগর প্রতিবেদক

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হয়। একইভাবে মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকেও নানা ঘটনার কারণে প্রশ্নের মুখে ফেলা হয় বলে মন্তব্য করেন তিনি। শনিবার (৩ অক্টোবর) সকালে রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনে আয়োজিত জাতীয় মুফাসসির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন এ সম্মেলনের আয়োজন করে।
জামায়াত আমির বলেন, দেশে কওমি ও আলিয়া—দুই ধরনের মাদ্রাসা রয়েছে। এসব প্রতিষ্ঠানে কোনো ত্রুটি থাকলে কলেজ-বিশ্ববিদ্যালয়ের তুলনা দিয়ে তা এড়িয়ে যাওয়া উচিত নয়। তিনি বলেন, কলেজ-বিশ্ববিদ্যালয় ইসলামের নামে পরিচালিত হয় না। অন্যদিকে মাদ্রাসার মূল ধারণা যেহেতু ইসলামকেন্দ্রিক, তাই সেখানে স্বচ্ছতা ও আদর্শ বজায় রাখা জরুরি। এ ক্ষেত্রে মাদ্রাসাগুলোর আদর্শ হিসেবে মদিনার মসজিদে নববীর মাদ্রাসাকে অনুসরণ করার কথা বলেন তিনি।
আলেমদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, দু-একটি অঘটনের কারণে পুরো আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হয় এবং মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকেও একইভাবে প্রশ্নবিদ্ধ করা হয়। তার ভাষ্য, সাদা কাপড়ে দাগ বেশি স্পষ্ট দেখা যায়। তাই আলেম সমাজকে নিজেদের কর্মকাণ্ডে আরও সতর্ক ও সচেতন হতে হবে।



ফেসবুক কর্নার