October 3, 2026, 11:45 pm

আখতারুজ্জামানের গ্রেপ্তার ‘বাড়াবাড়ি’: এবি পার্টি

অভয়নগর প্রতিবেদক

বিমানবন্দরে লাগেজ ব্যবস্থাপনায় অব্যবস্থাপনা ও যাত্রী হয়রানির প্রতিবাদ করতে গিয়ে সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। শনিবার (৩ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. ওহাব মিনার ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এ প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে তারা বলেন, বিমানবন্দরের কর্মকর্তাদের সঙ্গে আখতারুজ্জামানের রূঢ় আচরণ সমর্থনযোগ্য নয়। তবে এ ধরনের ঘটনায় তড়িঘড়ি করে মামলা ও গ্রেপ্তার করে হয়রানি করা গ্রহণযোগ্য নয় বলে তারা মনে করেন। তাদের দাবি, মদিনা থেকে ঢাকাগামী বিজি-৩৩৮ ফ্লাইটের যাত্রীদের লাগেজ পেতে প্রায় তিন ঘণ্টা অপেক্ষা, ট্রলি সংকট, লাগেজ ব্যবস্থাপনায় দীর্ঘসূত্রতা ও জমজমের পানি নিয়ে ভোগান্তির অভিযোগ উঠেছে।
এবি পার্টির নেতারা আখতারুজ্জামান ও বিমানবন্দরের কর্মকর্তাদের আচরণ ও দায়িত্বের বিষয়টি নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানান। কোনো কর্মকর্তার দায়িত্বে অবহেলা থাকলে জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়ে তারা আখতারুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও তার মুক্তির দাবি করেন। পাশাপাশি বিমানবন্দরের লাগেজ ও যাত্রীসেবা ব্যবস্থাপনায় সামগ্রিক সংস্কারের আহ্বান জানান তারা।



ফেসবুক কর্নার