October 5, 2026, 4:38 am

নিজের মতো থাকাই শেহনাজের সাফল্যের রহস্য

অভয়নগর প্রতিবেদক

রিয়েলিটি শো ‘বিগ বস ১৩’-এ অংশগ্রহণের পর ব্যাপক পরিচিতি পান বলিউড মডেল-অভিনেত্রী ও গায়িকা শেহনাজ গিল। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন ও বিভিন্ন মন্তব্য নিয়ে প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার মুখে পড়েন তিনি। তবে এসব গুঞ্জন ও নেতিবাচক খবর নিয়ে খুব একটা বিচলিত নন শেহনাজ। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, নেতিবাচক শিরোনাম দিয়ে মূলত ভিউ বাড়ানোর চেষ্টা করা হয়।

শেহনাজের ভাষ্য, তার কথার সামান্য ভুলও অনেক সময় খবরের শিরোনাম হয়ে যায়। এ নিয়ে অভিযোগ না করে তিনি বরং রসিকতার মাধ্যমে বিষয়গুলো সামলান। নিজের স্বাভাবিক আচরণ বজায় রাখার বিষয়ে তিনি বলেন, কীভাবে কথা বলতে হবে, হাঁটতে হবে কিংবা সংবাদমাধ্যমের সামনে কেমন আচরণ করতে হবে—এ নিয়ে তাকে অনেক পরামর্শ দেওয়া হয়েছে। তবে অন্যের নির্দেশে নিজেকে বদলাতে চান না তিনি। তার বিশ্বাস, মানুষ নিজের মতো থাকলে একসময় অন্যরাও তাকে গ্রহণ করে।

নিজের স্বতঃস্ফূর্ত আচরণের উদাহরণ দিতে গিয়ে শেহনাজ জানান, বিমানবন্দরে দুজন আলাদা ব্যক্তি তার সঙ্গে অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের নাম উল্লেখ করে দেখা করার আগ্রহ প্রকাশ করেছিলেন। তাদের কাছে দুজনের মিল ছিল নিজেদের ভাষা ও স্বকীয়তার প্রতি ভালোবাসা। শেহনাজ বলেন, ভক্তরা যখন তার জীবনযাত্রা ও ক্যারিয়ার থেকে অনুপ্রেরণা পান, তখন সেটিই তার কাছে বিশেষ প্রাপ্তি। সর্বশেষ তার অভিনীত পাঞ্জাবি সিনেমা ‘সিং বনাম কৌর ২’ মুক্তি পেয়েছে।



ফেসবুক কর্নার