
মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের কাশিমপুর গ্রামে সাত বছরের এক কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি ফতেপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুল কাদির ওরফে কানা কাদিরের ছোট ভাই মনাই মিয়া (৬৫)। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বাড়ির পাশে হকারের কাছ থেকে চুড়ি কেনার সময় শিশুটিকে ফুসলিয়ে বসতঘরে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্র জানায়, শিশুটির চিৎকার শুনে তার মা ও নানা ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন। এ সময় অভিযুক্ত পালিয়ে যায়। পরে শিশুটিকে তার নানা মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দেন এবং উন্নত চিকিৎসার জন্য ভর্তির পরামর্শ দেন। তবে অভিযোগ রয়েছে, ঘটনার পর সাবেক ইউপি সদস্য আব্দুল কাদির ভুক্তভোগী পরিবারকে ভয়ভীতি দেখালে তারা বিস্তারিত না জানিয়ে শিশুটিকে বাড়িতে নিয়ে আসেন।
স্থানীয় কয়েকজনের দাবি, প্রভাব খাটিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে অভিযুক্ত আব্দুল কাদিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। রাজনগর থানার ওসি এনামুল হক চৌধুরী বলেন, বিষয়টি তার জানা নেই। তিনি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।