
‘রাষ্ট্রের মিসম্যানেজমেন্ট আর চলতে পারে না। এভাবে রাষ্ট্র চলতে পারে না। এরকম অবস্থায় কোনো সরকার টিকে থাকতে পারে না’—আদালত চত্বরে এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক এমপি মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান। শনিবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে কঠোর পুলিশি নিরাপত্তায় প্রিজনভ্যানে করে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়।
প্রিজনভ্যানের গ্রিলের ফাঁক দিয়ে সাংবাদিকদের আখতারুজ্জামান বলেন, নির্যাতন দিয়ে তাদের সংগ্রাম থামানো যাবে না এবং প্রবাসীদের স্বার্থসহ মানুষের অধিকার বাস্তবায়নে তারা সংগ্রাম চালিয়ে যাবেন। পরে তাকে হাতকড়া ও হেলমেট পরানোর চেষ্টা করা হলে তিনি আপত্তি জানান। আদালতে নেওয়ার সময় হেলমেট ছুড়ে ফেলে তিনি বলেন, ‘সরকারের অবৈধ আদেশ মানি না।’ পরে হেলমেট ছাড়াই তাকে এজলাসে নেওয়া হয়।
প্রায় ঘণ্টাব্যাপী শুনানি শেষে আসামিপক্ষের আইনজীবী আব্দুর রাজ্জাক জানান, আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। শুনানি চলাকালে সাংবাদিকদের আদালতে প্রবেশ করতে দেওয়া হয়নি। এর আগে শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার বিমানবন্দরের অব্যবস্থাপনা নিয়ে নির্বাহী কর্মকর্তা গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদের সঙ্গে বাগবিতণ্ডার ঘটনায় সরকারি কাজে বাধা ও হেনস্তাসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়।