মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী যেখানেই অনিয়ম দেখছে, সেখানেই ব্যবস্থা নিচ্ছে। কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না। যে অন্যায় করবে, তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। শনিবার (৩ অক্টোবর) সকাল ১১টায় টাঙ্গাইল পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশ আয়োজিত ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সমাজ থেকে মাদক দূর করতে কাজ চলছে। শিক্ষার্থীরা যাতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকে, সে জন্য বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হচ্ছে। মাদক বিষয়ে রাজনৈতিক নেতাকর্মীদের কোনো তদবির না করার আহ্বান জানিয়ে তিনি নিজ নিজ অবস্থান থেকে মানুষকে সচেতন করার কথা বলেন। তাঁর দাবি, পার্শ্ববর্তী দেশ থেকে মাদক দেশে ঢুকিয়ে যুবসমাজকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে।
অনুষ্ঠানে টাঙ্গাইল পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলমের সভাপতিত্বে জেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় রাজনৈতিক-সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খেলা পরিচালনা করেন প্রধান রেফারি আজগর আলী। কাবাডি প্রতিযোগিতা শেষে পুলিশ লাইনস আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। প্রধান অতিথি হিসেবে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।