October 5, 2026, 12:01 am

মাজলিসুল মুফাসসিরীনের জাতীয় কাউন্সিল ও সম্মেলন

আনোয়ার হুসাইন ভ্রাম্যমাণ প্রতিনিধি

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের জাতীয় কাউন্সিল ও মুফাসসির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আল্লাহর ওহির ওপর কোনো মাখলুকের হাত দেওয়ার এখতিয়ার নেই। আলেমদের শুধু মসজিদের মিম্বার ও ইমামতির দায়িত্বে সীমাবদ্ধ না থেকে সমাজের দায়িত্বও নিতে হবে বলে তিনি মন্তব্য করেন।
সম্মেলনে ডা. শফিকুর রহমান বলেন, দেশ ও মানুষ নানা সংকটে রয়েছে এবং আলেমদের জ্ঞান ও আমলের মাধ্যমে মানুষকে সঠিক পথে আহ্বান করতে হবে। দুই-একজনের ভুলের কারণে পুরো আলেম সমাজকে দোষারোপ না করে সবাইকে নিজেদের আচরণ ও দায়িত্বের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সম্মেলনে সংগঠনের নবনির্বাচিত সভাপতি অধ্যাপক মাওলানা নুরুল আমিন ও সেক্রেটারি মাওলানা নাসির উদ্দিন হেলালীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
জাতীয় কাউন্সিলে আগামী তিন বছরের জন্য অধ্যাপক মাওলানা নুরুল আমিনকে সভাপতি, মাওলানা নাসির উদ্দিন হেলালীকে সেক্রেটারি এবং মাওলানা আবুল কালাম আজাদ আযহারীকে সাংগঠনিক সেক্রেটারি করে নতুন কার্যকরী পরিষদ গঠন করা হয়। সম্মেলনে দেশের বিভিন্ন স্থান থেকে আগত মুফাসসির, মুহাদ্দিস, মুফতি, অধ্যক্ষসহ পাঁচ শতাধিক আলেম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আলেমদের ঐক্য, দেশের সার্বভৌমত্ব ও সমাজে দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।



ফেসবুক কর্নার