
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ওমর সানী প্রকৃতি ও সাধারণ মানুষের প্রতি নিজের ভালো লাগার কথা প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেন। এবার হাঁটতে বেরিয়ে গ্রামের হাটের একটি সাধারণ দৃশ্য দেখে মুগ্ধ হয়েছেন তিনি। সম্প্রতি নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট করেন অভিনেতা। ছবিতে দেখা যায়, গ্রামের হাটে কয়েকজন মানুষ ডিম নিয়ে বসে আছেন এবং বিক্রির জন্য সেগুলো সাজিয়ে রেখেছেন।
ছবিটির সঙ্গে ওমর সানী লিখেছেন, ‘অবাক কাণ্ড! আমি যখন হাঁটতে বেরোলাম, ঠিক এই ধরনের দৃশ্যই আমার চোখে পড়ল। সাটুরিয়া, মানিকগঞ্জ।’ এরপর নিজের অনুভূতি প্রকাশ করে তিনি লেখেন, ‘এত চোর-ছ্যাঁচড়দের ভিড়ে এদের প্রতি মায়াটা অন্যরকম মনে হয়।’ সাধারণ মানুষের এমন জীবনযাপন তার মনে আলাদা অনুভূতি তৈরি করেছে বলেও তার পোস্টে প্রকাশ পেয়েছে।
ওমর সানী জানান, তার রেস্টুরেন্টের আশপাশেও প্রায়ই এমন দৃশ্য দেখা যায়। তিনি লিখেছেন, ‘এই দৃশ্য আমার রেস্টুরেন্টের খুব আশেপাশেই দেখা যায়, এই পরিবেশে সারাদিন কেটে যাবে।’ তার পোস্টে গ্রামীণ জীবনের প্রতি টান ও সহজ-সরল পরিবেশের প্রতি ভালো লাগার বিষয়টি ফুটে উঠেছে। পোস্টটি ঘিরে ভক্তদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে। অনেকেই অভিনেতার এই সাধারণ মুহূর্তের অনুভূতির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।