October 4, 2026, 11:00 pm

নারায়ণগঞ্জে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ‘গালপোড়া রঞ্জু’ গ্রেপ্তার

সালেহ আহমেদ স্টার রিপোর্টার্স নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে অটোরিকশাচালক মো. জামাল হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মনিরুল ইসলাম রঞ্জু ওরফে ‘গালপোড়া রঞ্জু’কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার মুহিত কবীর।
পুলিশ জানায়, রঞ্জু (৪৪) নারায়ণগঞ্জ শহরের আল্লামা ইকবাল রোড এলাকার কবির হোসেনের ছেলে। ২০১১ সালের ১৩ জুলাই অটোরিকশাচালক মো. জামাল নিখোঁজ হন। পাঁচ দিন পর ১৮ জুলাই শহরের আমলাপাড়া এলাকার একটি বাড়ির পরিত্যক্ত টয়লেটের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা হয়।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গত ২৪ আগস্ট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত রঞ্জুকে মৃত্যুদণ্ড ও অর্থদণ্ড দেন। একই মামলায় অপর এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। রায়ের পর রঞ্জুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।



ফেসবুক কর্নার