
ঝিনাইদহ সদর উপজেলার ১৩ নম্বর ফুরসন্দি ইউনিয়নের বামনাইল গ্রামে চিকিৎসার পর গৃহবধূ আলোমতি বিশ্বাসের মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণের টাকা আত্মসাত ও পরিবারকে হুমকির অভিযোগ উঠেছে দ্বীপ বালা নামে এক ব্যক্তির বিরুদ্ধে। স্বজনদের দাবি, ২০২৫ সালের ৪ জুন জরায়ুর টিউমার অপারেশনের জন্য আলোমতিকে ঝিনাইদহের আল-হেরা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়। দ্বীপ বালার পরামর্শ ও মধ্যস্থতায় তাকে সেখানে ভর্তি করা হয়। পরে চিকিৎসক ডা. শান্তনু ঘোষ অপারেশন করেন। অপারেশনের কয়েক ঘণ্টার মধ্যেই চিকিৎসাধীন অবস্থায় আলোমতির মৃত্যু হয় বলে পরিবারের দাবি।
স্বজনদের অভিযোগ, ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ ক্ষতিপূরণ হিসেবে ১ লাখ ৬০ হাজার টাকা দেয়। টাকা পরিবারের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব পান দ্বীপ বালা। তবে তিনি পুরো অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ স্বজনদের। দীর্ঘ সময়েও টাকা না পেয়ে দাবি জানালে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও রাজনৈতিক নেতাদের নাম ব্যবহার করে তাদের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তারা।
সরেজমিনে বামনাইল গ্রামে গিয়ে জানা যায়, দ্বীপ বালার একটি ফার্মেসি রয়েছে এবং তিনি সেখানে রোগী দেখেন। তার চিকিৎসা সনদ ও পেশাগত অনুমোদনের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো প্রাতিষ্ঠানিক মেডিকেল ডিগ্রি বা পেশাগত সনদ নেই বলে জানান। ফার্মেসিটির বৈধ ড্রাগ লাইসেন্স নেই বলেও স্বীকার করেন বলে প্রতিবেদককে জানান। অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে ক্ষতিপূরণের টাকা ফেরত ও ঘটনার সুষ্ঠু তদন্তসহ আইনগত ব্যবস্থা দাবি করেছে।