October 5, 2026, 12:00 am

ইউএনও না থাকায় সাঘাটায় প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা

মির্জা গোলাম হাফিজ, গাইবান্ধা ব্যুরো

গাইবান্ধার সাঘাটা উপজেলায় প্রায় তিন সপ্তাহ ধরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পদ শূন্য রয়েছে। এতে উপজেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি বিভিন্ন সরকারি সেবা নিতে আসা সাধারণ নাগরিকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। জানা যায়, গত ১০ সেপ্টেম্বর সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল কবীর বদলি হয়ে ময়মনসিংহ জেলার একটি উপজেলায় যোগদানের উদ্দেশ্যে বিদায় নেন। এরপর থেকে পার্শ্ববর্তী ফুলছড়ি উপজেলার ইউএনও মো. মোস্তাফিজুর রহমান সাঘাটার অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ইউএনও সপ্তাহে মাত্র দুই দিন সাঘাটা উপজেলা পরিষদ কার্যালয়ে অফিস করছেন। ফলে প্রশাসনের বিভিন্ন সেবা নিতে আসা নাগরিকদের বারবার উপজেলা সদরে আসতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ভরতখালী ইউনিয়নের বাসিন্দা মশিউর রহমান জানান, ছোট ভাইয়ের জন্মনিবন্ধন সংক্রান্ত কাজে ইউএনও কার্যালয়ে গিয়ে কর্মকর্তা না থাকায় কাজ না করেই ফিরে যেতে হয়েছে। ভরতখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন বলেন, ইউএনও বদলি হওয়ার পর জন্মনিবন্ধন সংশোধনসহ প্রশাসনিক কিছু কাজে নাগরিকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।
এ বিষয়ে ফুলছড়ি উপজেলার ইউএনও ও সাঘাটা উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ইউএনও মো. মোস্তাফিজুর রহমান মুঠোফোনে বলেন, একা হয়ে দুটি স্টেশনে প্রতিদিন কাজ করা অনেকটাই চাপের। তারপরও নাগরিক সেবা ও জন্মনিবন্ধন সংক্রান্ত কাজগুলো নিয়মিত মনিটরিং করে সম্পন্ন করা হচ্ছে। তিনি আরও জানান, অতিরিক্ত দায়িত্ব নেওয়ার পর কার্যক্রম চালু থাকায় নাগরিকদের ভোগান্তি কিছুটা কমেছে।



ফেসবুক কর্নার