October 4, 2026, 11:45 pm

ক্ষমতাকে লুটপাটের সুযোগ ভাবায় দেশে অরাজকতা: গাজী আতাউর রহমান

আনোয়ার হোসেন

ক্ষমতাকে লুটপাটের মাধ্যম মনে করার কারণেই দেশজুড়ে সন্ত্রাস ও অরাজকতা ছড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেন, বর্তমান ক্ষমতাসীনরা ক্ষমতাকে সাধারণ মানুষের অর্থ আত্মসাতের সুযোগ হিসেবে বিবেচনা করে। এমন নেতৃত্বের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থাকলে কোনো সমস্যারই সমাধান হবে না।
রোববার (৪ অক্টোবর) কুমিল্লার লাকসামের আগমন ফুডপার্কে আয়োজিত ইসলামী আন্দোলন বাংলাদেশের কুমিল্লা বিভাগীয় উপজেলা ও সিটি ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরকারি দলের সমালোচনা করে তিনি বলেন, ক্ষমতাসীন দলের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা বা ব্যক্তিশুদ্ধির ব্যবস্থা নেই। নিয়ন্ত্রণহীন গোষ্ঠী ক্ষমতায় বসলে জনগণের কল্যাণ আশা করা যায় না।
দেশের কর্মসংস্থান ও বিদ্যুৎ-জ্বালানি খাতের সংকট তুলে ধরে গাজী আতাউর রহমান বলেন, কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হয়ে বেকারত্ব বেড়েছে। বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য বৈশ্বিক পরিস্থিতির পাশাপাশি সরকারের অদক্ষতা ও অব্যবস্থাপনাও দায়ী। আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠন ও গণমানুষের প্রত্যাশা পূরণে ইসলামী আন্দোলন বাংলাদেশকে দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়ে তিনি তৃণমূলে সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। সম্মেলনে সভাপতিত্ব করেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও কেন্দ্রীয় সদস্য আলহাজ্ব সেলিম মাহমুদ।



ফেসবুক কর্নার