October 4, 2026, 10:59 pm

মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক

মোঃ জয়নাল আবেদিন মেহেরপুর জেলা প্রতিনিধি

মেহেরপুরে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে শুল্ক-কর ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা বিভিন্ন ধরনের ওষুধসহ দুই চোরাকারবারিকে আটক করেছে এসআরবি-১২-এর সিপিসি-৩-এর সদস্যরা। রোববার (৪ অক্টোবর) দুপুর ২টা ৫৫ মিনিটে সদর থানাধীন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কোর্টপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন সদর উপজেলার বুড়িপোতা গ্রামের মন্টু ইসলামের ছেলে কাবিদুল ওরফে আকাশ (২৪) এবং আমঝুপি ইউনিয়নের খোকসা গ্রামের মৃত সরমান আলীর ছেলে ফুলসুরাত ওরফে সুরাত (৪৮)।
অভিযানে Luliconazole Cream IP (Lulitec 30g) ৩৮০টি, Pyrazinamide Tablets I.P. (Pyzina 500) ৬৫ পাতা, Polymyxin B for Injection IP ৮টি, Sterile Water for Injections IP (5ml) ১১টি, Triclofos Oral Solution IP (Pedicloryl) ১৫টি এবং Sulbactam & Cefoperazone for Injection (Zostum 2g) ৪০টি উদ্ধার করা হয়। এসব ওষুধের আনুমানিক জব্দমূল্য প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা। এছাড়া ওষুধ পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
সিপিসি-৩, মেহেরপুর, এসআরবি-১২-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার হান্নান হাওলাদার আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব ওষুধ উদ্ধার করা হয়েছে। তিনি জানান, আটক দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর মেহেরপুর সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।



ফেসবুক কর্নার