October 4, 2026, 11:00 pm

সিংড়ায় এতিমখানার সংবর্ধনায় উন্নয়ন প্রতিশ্রুতি

মোঃ আলহাজ হোসেন সিংড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের সিংড়ায় বনকুড়ি হাফেজিয়া ইসলামিয়া এতিমখানার উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ অক্টোবর) দুপুর ২টায় ৩ নম্বর ইটালী ইউনিয়নে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। অনুষ্ঠানে তিনি বলেন, নির্বাচনের আগে বিএনপির দেওয়া প্রতিশ্রুতিগুলো ধীরে ধীরে বাস্তবায়ন শুরু হয়েছে। রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ-মন্দিরসহ বিভিন্ন খাতে উন্নয়ন কার্যক্রম চলছে।
অধ্যক্ষ আনু আরও বলেন, ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রধানদের বেতন-ভাতার কার্যক্রম শুরু হয়েছে এবং খাল খনন কর্মসূচিও বাস্তবায়ন করা হবে। তাঁর সংসদীয় এলাকায় ১৮০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। শ্রীকোল বাজার থেকে কবরস্থান ও ঈদগাহ মাঠ পর্যন্ত রাস্তা নির্মাণ এবং শ্রীকোল প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন ও খেলার মাঠে বারপোস্ট নির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বনকুড়ি হাফেজিয়া ইসলামিয়া এতিমখানার সভাপতি মো. আব্দুল কাদের।
অধ্যক্ষ আনু বলেন, সিংড়াকে নান্দনিক ও শান্তির সিংড়া হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। দলের নাম ভাঙিয়ে কেউ শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, সাবেক চেয়ারম্যান মো. শাহাদত হোসেন, অ্যাডভোকেট শামীম হোসেন, ইব্রাহিম খলিল ফটিক, ফজলার রহমান বাচ্চু, রফিকুল ইসলাম বুলেট, আব্দুল্লাহ আল কাফি, মো. শাহাদত হোসেন মুন্টুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার