October 4, 2026, 11:47 pm

ইসলাম শেখ হত্যার পর প্রতিশোধের আগুনে নড়াইল

সবুজ সরদার

নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে ইসলাম শেখ হত্যাকাণ্ডের পর আতঙ্ক ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, হত্যার পর প্রতিশোধের ঘটনায় অন্তত ৩০ থেকে ৪০টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট হয়েছে। এর মধ্যে এক অসহায় অন্ধ ভিক্ষুকের টিনের ঘরও রয়েছে। কয়েকটি পরিবার আতঙ্কে অন্যত্র অবস্থান করছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এ ঘটনায় কয়েকজন ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ করেছেন।
এদিকে পারিবারিক পরিস্থিতির কারণে বাবার বাড়িতে আশ্রয় নেওয়া এক নারীর ছয় বছরের মেয়ে রামিশা পানিতে ডুবে মারা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। শিশুটির বাবা জেলহাজতে থাকায় পরিবারের শোক আরও ভারী হয়ে উঠেছে। মেয়েকে হারিয়ে মা শোকে কাতর। স্থানীয়দের ভাষ্য, হত্যার সঙ্গে যারাই জড়িত থাকুক, তাদের আইনের আওতায় এনে বিচার করতে হবে; তবে কোনো ব্যক্তির অপরাধের দায় নিরীহ পরিবার বা প্রতিবেশীর ওপর চাপানো উচিত নয়।
অন্ধ ভিক্ষুকের ঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগের খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা তার খোঁজ নেন। সাংবাদিক রফিকুল ইসলাম ব্যক্তিগত উদ্যোগে ওই পরিবারকে আর্থিক সহযোগিতা করেছেন বলে জানা গেছে। এলাকাবাসী ইসলাম শেখ হত্যার পাশাপাশি ভাঙচুর ও লুটপাটের অভিযোগেরও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। লোহাগড়া থানা পুলিশ জানিয়েছে, এসব ঘটনায় তদন্ত ও আইনগত কার্যক্রম চলছে এবং সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের দাবি, প্রতিশোধ নয়, আইনের মাধ্যমে বিচার নিশ্চিত করা হোক।



ফেসবুক কর্নার