October 5, 2026, 3:47 am

জুনিয়র এনটিআর-জাহ্নবীর এআই ভিডিও নিয়ে ক্ষোভ চিরঞ্জীবীর

অভয়নগর প্রতিবেদক

 

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর ও জাহ্নবী কাপুরের ‘দেভারা: পার্ট ১’ সিনেমার ‘ছুট্টামাল্লে’ গানের একটি এআই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি নিয়ে শোবিজ অঙ্গনে প্রতিবাদ শুরু হয়েছে। এ ঘটনায় আপত্তিকর এআই কনটেন্ট তৈরি ও ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধে সরব হয়েছেন মেগাস্টার চিরঞ্জীবী। তিনি হেনস্তাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে চিরঞ্জীবী বলেন, এআই ব্যবহার করে নারীদের অবমাননাকর ভিডিও তৈরি করা অত্যন্ত লজ্জাজনক। তিনি বিষয়টি তেলুগু ফিল্ম চেম্বার, প্রডিউসার্স কাউন্সিলসহ চলচ্চিত্র সংগঠনগুলোর সামনে তুলে ধরবেন বলে জানান। পাশাপাশি ভুক্তভোগীদের সহায়তায় একটি কমিটি ও সাপোর্ট সেল গঠনের সুপারিশ এবং সাইবার ক্রাইম কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে আপত্তিকর কনটেন্ট সরানো ও অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান।

এর আগে এআই-নির্ভর ডিপফেক ভিডিও নিয়ে ক্ষোভ প্রকাশ করেন জুনিয়র এনটিআর। তিনি বলেন, যারা ভিডিওটি তৈরি ও ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ভিডিওটি না দেখা ও শেয়ার না করার অনুরোধ জানান তিনি। ২০২৪ সালের সেপ্টেম্বরে মুক্তি পায় ‘দেভারা: পার্ট ১’। এতে জুনিয়র এনটিআর ও জাহ্নবী কাপুর ছাড়াও অভিনয় করেছেন সাইফ আলি খান, প্রকাশ রাজ, শ্রীকান্ত, শাইন টম চাকো, নারায়ণ ও মুরালি শর্মাসহ অনেকে।



ফেসবুক কর্নার