
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর কুষ্টিয়ার কুমারখালীতে হামলা ও তাঁর গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার (৪ অক্টোবর) রাতে কুমারখালীর ছেউড়িয়া লালন মাজার প্রাঙ্গণে এ হামলা হয়। ক্ষমতাসীন দল বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলের নেতাকর্মীরা এতে জড়িত বলে অভিযোগ উঠেছে। ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি বলেন, একজন নেতাকে কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এতটা উন্মাদ হতে পারে। তাঁর দাবি, কুষ্টিয়ায় মাজারের ভেতরে প্রবেশ করে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ এনসিপির নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলা চালানো হয়েছে। বিএনপি সরকার গঠনের পর নাসীরুদ্দীনের ওপর এটি পঞ্চম হামলার ঘটনা বলেও দাবি করেন তিনি।
নাহিদ ইসলাম হামলাকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে সরকার ও হামলাকারীদের উদ্দেশে তিনি বলেন, ভয়ভীতি বা দমন-পীড়ন চালিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ কোনোভাবেই স্তব্ধ করা যাবে না। তিনি এ ঘটনাকে রাজনৈতিকভাবে ভয়ভীতি প্রদর্শনের অংশ হিসেবে উল্লেখ করে হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।