
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা অভিনেতা আশরাফুল হক ডনের জামিন আবেদন ফের নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (৫ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনজুরুল ইসলাম আসামিপক্ষের আইনজীবী মো. মফিজুল ইসলাম আসলামের আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন।
শুনানি শেষে ডনের আইনজীবী সাংবাদিকদের বলেন, সিনেমার দৃশ্যের প্রয়োজনে ডন ভিলেন হলেও বাস্তবে তিনি তা নন। মামলায় তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয়েছে বলেও দাবি করেন তিনি। জামিন আবেদনে আসামিপক্ষ সালমান শাহের দুইটি সুরতহাল ও দুইটি পোস্টমর্টেম রিপোর্টসহ ভিসেরা ও রাসায়নিক রিপোর্টের কথা উল্লেখ করে তার মৃত্যুকে আত্মহত্যা হিসেবে দাবি করে ডনের জামিন প্রার্থনা করেন।
এর আগে গত ৯ সেপ্টেম্বর পাঁচ দিনের রিমান্ড শেষে ডনকে কারাগারে পাঠানো হয়। ১২ আগস্ট তার জামিন আবেদন নাকচ করেছিলেন আদালত। গত ৯ আগস্ট সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে যাওয়ার সময় বিমানবন্দরে সিআইডির হাতে গ্রেপ্তার হন ডন। পুলিশ জানায়, সালমান শাহ হত্যা মামলার কারণে তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ছিল।