October 5, 2026, 12:08 pm

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ

মোহাম্মদ গোলাম মোস্তফা

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৪ লাখ টাকা মূল্যের ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ করেছে জামালপুর ৩৫ বিজিবি। রোববার (৪ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাতানিপাড়া বিওপির একটি টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা যায়, বকশীগঞ্জ উপজেলার সাতানিপাড়া সীমান্তের ১০৮৯/এমপি পিলার থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দিগলকোনা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ভারতীয় কসমেটিকসের একটি চালান উদ্ধার করা হয়। জব্দ পণ্যের মধ্যে স্কিন শাইন ক্রিম, চেইন, কানের রিংসহ বিভিন্ন ধরনের কসমেটিকস রয়েছে। বিজিবির হিসাবে, এসব পণ্যের মোট মূল্য প্রায় ৪ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা।
অভিযানকালে পণ্যগুলোর মালিক বা চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি। জব্দ কসমেটিকস কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্তে চোরাচালান বন্ধে বিজিবির নিয়মিত অভিযান চলছে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার