October 5, 2026, 1:13 pm

ঠাকুরগাঁও সুগার মিলে কম দরদাতাকে লিজের অভিযোগ

সোহরাওয়ার্দী খোকন, ঠাকুরগাঁও

 

ঠাকুরগাঁও সুগার মিলের জমি লিজ দেওয়ার টেন্ডারে সর্বোচ্চ দরদাতাদের বাদ দিয়ে অপেক্ষাকৃত কম দরদাতাদের লিজ দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় টেন্ডারে অংশ নেওয়া কৃষকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে গত ১ অক্টোবর জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করে কৃষকরা পুরো টেন্ডার বাতিল করে পুনরায় দরপত্র আহ্বানের দাবি জানিয়েছেন।
অভিযোগ ও টেন্ডার-সংক্রান্ত কাগজপত্র থেকে জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর মিলের আওতাধীন সালন্দর-জামালপুর, মোহন কৃষি খামার, বোচাপুকুর, হাবিবপুর ও কহরপাড়া খামারের বিভিন্ন ব্লকের মোট ৩৭৮ দশমিক ৫০ একর জমি আখ রোপণ ও সাথি ফসল হিসেবে আলু চাষের জন্য দরপত্র আহ্বান করা হয়। ১৪ সেপ্টেম্বর দরপত্র খোলা হয়। কৃষকদের অভিযোগ, বিজ্ঞপ্তিতে একজন দরদাতার সর্বোচ্চ ১০ একর জমি লিজ নেওয়ার সুযোগ থাকলেও ১০ একরের বেশি জমির জন্য দরপত্র দেওয়া সবাইকে বাদ দেওয়া হয়েছে। তাদের দাবি, এ কারণে সর্বোচ্চ দর দিয়েও অনেকে লিজ পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন এবং সরকার রাজস্ব হারানোর আশঙ্কা তৈরি হয়েছে।
কৃষকরা অনৈতিক লেনদেনের অভিযোগ তদন্তসহ টেন্ডার কার্যক্রম স্থগিত ও পুনরায় দরপত্র আহ্বানের দাবি জানিয়েছেন। তবে অভিযোগ অস্বীকার করে ঠাকুরগাঁও সুগার মিলের প্রশাসনিক ব্যবস্থাপক শুভাস চন্দ্র সিংহ বলেন, “শুধু একটি জায়গায় ভুল হয়েছে, বাকি সব বিষয় ঠিক ছিল। এখানে কোনো অনিয়ম হয়নি।” জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক বলেন, কৃষকদের অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।



ফেসবুক কর্নার