
দেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় বাজেটে শিক্ষাখাতে এ বছর সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী পাঁচ বছরে শিক্ষাখাতের বাজেট ধীরে ধীরে আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, এ বছরই শিক্ষার্থীরা নতুন সিলেবাসের বই পাচ্ছে। এমন শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে কোনো শিশু শিক্ষাবঞ্চিত থাকবে না। কারিগরি ও ব্যবহারিক জ্ঞানকে অপরিহার্য উল্লেখ করে তিনি বলেন, শিক্ষাদানের কৌশল পরিবর্তন সময়ের দাবি। প্রযুক্তিকে শিক্ষকের বিকল্প নয়, বরং সহায়ক হিসেবে ব্যবহার করতে হবে। এ লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম ও ফ্রি ওয়াই-ফাই সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা যেন বইবিমুখ না হয়, সে জন্য আনন্দময় শিক্ষা নিশ্চিত করতে হবে। সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় টিচার্স ট্রেনিং কলেজগুলো আধুনিকায়ন প্রয়োজন। শিক্ষকতা যেন উপায়হীনদের বিকল্প পেশা না হয়, বরং মেধাবীদের প্রথম পছন্দ হয়—সেভাবেই শিক্ষক নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।