
বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে অবস্থান করছে বাংলাদেশের রাজধানী ঢাকা। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউ এয়ারে প্রকাশিত তথ্যে ঢাকার বায়ুমান সূচক (একিউআই) স্কোর ২৩৪ দেখানো হয়, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত।
তালিকায় ১৯৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। ১৯১ স্কোর নিয়ে তৃতীয় স্থানে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর, ১৮৬ স্কোর নিয়ে চতুর্থ স্থানে ভারতের রাজধানী দিল্লি এবং ১৬২ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জার্কাতা।
সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার একটি শহরের বাতাসের তাৎক্ষণিক বা লাইভ মানের সূচক প্রকাশ করে। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোর ভালো, ৫১ থেকে ১০০ সহনীয়, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ অস্বাস্থ্যকর। ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।