দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার গাড়িচালক ওবায়দুরের জামিন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার (৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত উভয়পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। আদালত বলেন, অনাপসযোগ্য মামলায় আপসনামার ভিত্তিতে জামিন দিলে সমাজে ন্যায়বিচার নিয়ে বিরূপ ধারণা সৃষ্টি হতে পারে।
আসামিপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান জামিনের পক্ষে শুনানিতে বাদীপক্ষের আপসনামা ও গাজী নজরুলের অসুস্থতার বিষয় তুলে ধরেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ জামিনের বিরোধিতা করে বলেন, মামলায় অনাপসযোগ্য ধারা রয়েছে এবং তদন্ত চলমান। আদালতে গাজী নজরুলকে ৭৫ বছর বয়সী মুক্তিযোদ্ধা ও হৃদরোগী হিসেবেও উল্লেখ করা হয়।
এর আগে গত ২০ সেপ্টেম্বর সংসদ ভবনের বিপরীতে ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুল, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ও ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় মাকছুদার জামিন মঞ্জুর হলেও গাজী নজরুলের জামিন নামঞ্জুর হয়। পরে ওবায়দুরকেও কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।