October 7, 2026, 4:26 pm

সালমানের নামে চণ্ডীগড়ে তৈরি হচ্ছে ‘সালমান টাওয়ার্স’

অভয়নগর প্রতিবেদক

বলিউড অভিনেতা সালমান খানের নামে ভারতের চণ্ডীগড়ে তৈরি হতে যাচ্ছে বড় আবাসন প্রকল্প। সম্ভাব্য নাম হিসেবে ‘দ্য সালমান টাওয়ার্স’ নিয়ে আলোচনা চলছে। প্রকল্পটির আনুষ্ঠানিক ঘোষণা বৃহস্পতিবার মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে হতে পারে। সেখানে সালমান খানের উপস্থিত থাকার কথা রয়েছে। প্রকল্পের জন্য প্রাথমিকভাবে ‘এসকে টাওয়ার্স’, ‘দ্য সালমান টাওয়ার্স’ ও ‘সালমান খান টাওয়ার্স’—এই তিনটি নাম নথিভুক্ত করা হয়েছে। তবে কোনো নামই এখনো চূড়ান্ত হয়নি।
জানা গেছে, প্রকল্পটি শুধু একটি বহুতল ভবনে সীমাবদ্ধ থাকবে না; আধুনিক বিভিন্ন সুযোগ-সুবিধাসহ বড় পরিসরে এটি গড়ে উঠতে পারে। এর সঙ্গে স্থানীয় ও আন্তর্জাতিক দুটি আবাসন সংস্থা যুক্ত রয়েছে। বৃহস্পতিবারের অনুষ্ঠানে প্রকল্পের চূড়ান্ত নাম, নকশা ও বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করা হতে পারে। এদিকে দীর্ঘদিনের ঠিকানা মুম্বাইয়ের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের পাশাপাশি চিমবাই এলাকায় সমুদ্রের দিকে মুখ করা নতুন ছয়তলা ভবন নির্মাণের অনুমতিও পেয়েছে খান পরিবার।
কাজের দিক থেকে সালমান খানকে সর্বশেষ ‘সিকন্দর’ সিনেমায় দেখা গেছে। বর্তমানে অপূর্ব লাখিয়া পরিচালিত ‘মাতৃভূমি’ সিনেমা নিয়ে ব্যস্ত তিনি। এতে তার সঙ্গে অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিংহ। সিনেমাটির আগে নাম ছিল ‘ব্যাটল অব গলওয়ান’। এ ছাড়া পরিচালক বংশী পৈদিপল্লীর একটি সিনেমাতেও অভিনয় করছেন সালমান। এতে তার বিপরীতে থাকছেন নয়নতারা। সিনেমাটি ২০২৭ সালে মুক্তি পেতে পারে বলে জানা গেছে।



ফেসবুক কর্নার