October 7, 2026, 2:01 pm

নবজাতকের মৃত্যু নিয়ে অভিযোগ, সাংবাদিকদের ব্যঙ্গ চিকিৎসকের

অভয়নগর প্রতিবেদক

কুমিল্লার চৌদ্দগ্রামে নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ ওঠার পর সাংবাদিকদের নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করে ফেসবুকে পোস্ট দিয়েছেন অভিযুক্ত চিকিৎসক ডা. খাইরাতুন হিসান কেয়া। মঙ্গলবার (৬ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাসে তিনি ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাওয়ার পরামর্শ দেন। সংবাদ প্রকাশের পরপরই তার এই পোস্ট দেওয়া হয়েছে বলে জানা গেছে।
সম্প্রতি চৌদ্দগ্রামের খামার পুষ্করণী গ্রামের প্রসূতি নাজমা আক্তারের সন্তান প্রসবের ঘটনায় স্বজনরা ডা. কেয়ার বিরুদ্ধে অবহেলার অভিযোগ করেন। তাদের দাবি, দীর্ঘ সময় স্বাভাবিক প্রসবের চেষ্টা করা হলেও একপর্যায়ে নবজাতকের মৃত্যু হয় এবং পরে শিশুটির মাথায় আঘাতের চিহ্ন দেখা যায়। আশঙ্কাজনক অবস্থায় প্রসূতি নাজমাকে কুমিল্লা শহরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। তবে অভিযোগ অস্বীকার করে ডা. কেয়া বলেন, রোগীর অবস্থা ভালো না থাকায় তাকে দ্রুত কুমিল্লায় পাঠানো হয়েছিল।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী তোফায়েল বলেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসকের বিরুদ্ধে ওঠা অভিযোগের পাশাপাশি সাংবাদিকদের উদ্দেশে দেওয়া তার ফেসবুক পোস্ট নিয়েও স্থানীয় সাংবাদিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।



ফেসবুক কর্নার