October 8, 2026, 5:17 pm
শিরোনাম :

নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ বলার অভিযোগে ঢাবি শিক্ষক অব্যাহতি

অভয়নগর প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগের এক ছাত্রীকে নিকাব পরার কারণে ‘ফান্ডামেন্টালিস্ট’ ও ‘সন্ত্রাসী’ বলে কটাক্ষ করার অভিযোগ উঠেছে বিভাগের সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে। বুধবার (৭ অক্টোবর) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ১৫তম ব্যাচের ক্লাসে এ ঘটনা ঘটে বলে শিক্ষার্থীদের অভিযোগ। নিকাব পরা ওই ছাত্রী তাকে আক্রমণ করতে পারেন বলেও শিক্ষক আশঙ্কা প্রকাশ করেন বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর শিক্ষার্থীরা লিখিতভাবে বিষয়টি বিভাগীয় চেয়ারম্যানকে জানান। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিভাগের জরুরি একাডেমিক কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সংশ্লিষ্ট শিক্ষকের কোর্সগুলো অন্য শিক্ষকদের মধ্যে পুনর্বণ্টন করে তাকে সব ধরনের ক্লাস থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. তাজিন আজিজ চৌধুরী বলেন, শিক্ষার্থীদের লিখিত অভিযোগের ভিত্তিতে সভায় একটি রেজল্যুশন নেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী কোর্সগুলো অন্য শিক্ষকদের দেওয়া হয়েছে। তিনি জানান, বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী এ বিষয়ে উপাচার্য, একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। বিভাগ থেকে তাদের অবহিত করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হবে।



ফেসবুক কর্নার