
ফাঁসির দড়ির ভয়ে শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে ফিরবেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। জুলাই গণঅভ্যুত্থানের পর গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার অপরাধকে ‘ক্ষমার অযোগ্য’ উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের আনুষ্ঠানিক বিচার শেষ হওয়ার আগে দলটির পুনর্বাসন বা কোনো ধরনের ‘রিকনসিলিয়েশন’-এর সুযোগ নেই।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন রাশেদ খাঁন। ডিসেম্বর মাসে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগের গণহত্যার মূল নির্দেশদাতা শেখ হাসিনা। আত্মরক্ষার জন্য তিনি ভারতে পালিয়েছেন এবং দেশে ফেরার সম্ভাবনা নেই। আওয়ামী লীগের ক্ষমা চাওয়া প্রসঙ্গে তিনি বলেন, দলটির অপরাধ ক্ষমার অযোগ্য এবং আগে দল হিসেবে বিচার হতে হবে।
জামায়াতে ইসলামী, জুলাই আন্দোলনের কয়েকজন ছাত্রনেতা এবং আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার উদ্যোগেরও সমালোচনা করেন রাশেদ খাঁন। সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহর আওয়ামী লীগের মন্ত্রীদের সঙ্গে বৈঠক নিয়েও প্রশ্ন তোলেন তিনি। একইসঙ্গে জুলাই আন্দোলনে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, তাদের অবদান জনগণের কাছে পৌঁছে দিতে দেশব্যাপী জুলাই শহীদদের মাজার জিয়ারত ও পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ করছেন। অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ, কলেজের অধ্যক্ষ নাহিদা আক্তারসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।