October 9, 2026, 5:30 am

আবরার হত্যার রায় কার্যকরসহ একাধিক দাবি পরিবারের

নাইম বিশ্বাস, কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার বিচারিক প্রক্রিয়া দ্রুত শেষ করে রায় কার্যকরসহ একাধিক দাবি জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে এসব দাবি জানান আবরারের বাবা মো. বরকত উল্লাহ, মা রোকেয়া খাতুন ও ছোট ভাই আবরার ফাইয়াজসহ পরিবারের সদস্যরা। এ সময় প্রধানমন্ত্রী তাঁদের কথা শোনেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
সাক্ষাতে আবরার হত্যা মামলার পলাতক আসামিদের গ্রেপ্তার, কুষ্টিয়ার কুমারখালীর কয়া ইউনিয়নের রায়ডাঙ্গায় গড়াই নদীর ওপর সেতু নির্মাণ, সেতুটির নাম আবরারের নামে রাখা, তাঁর কবর পাকাকরণ এবং পাশের মসজিদের নির্মাণকাজ দ্রুত শেষ করার দাবি জানানো হয়। প্রধানমন্ত্রী জানান, মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন; আদালত স্বাধীনভাবে বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন। তবে পরিবারকে সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে। আবরার ফাইয়াজ বুয়েটে তাঁর ভাইয়ের নামে হল নির্মাণ, পাঠ্যবইয়ে তাঁর জীবন ও হত্যাকাণ্ডের ঘটনা অন্তর্ভুক্তি এবং বিভিন্ন সময়ে নিহত ব্যক্তিদের তালিকা প্রণয়নের দাবিও জানান।
২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় করা মামলায় ২০২১ সালের ৮ ডিসেম্বর আদালত ২০ আসামিকে মৃত্যুদণ্ড ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। ২০২৫ সালের ১৬ মার্চ হাইকোর্ট ওই রায় বহাল রাখেন। বর্তমানে মামলাটি আপিল বিভাগে বিচারাধীন রয়েছে। সাক্ষাতে আবরারের মা ভবিষ্যতে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে এমন ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।



ফেসবুক কর্নার