October 1, 2026, 10:38 pm

সিংড়ায় বজ্রপাত প্রতিরোধে ২০০ তালের চারা রোপণ

মোঃ আলহাজ হোসেন, সিংড়া (নাটোর) প্রতিনিধি।

প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাত থেকে মানুষের জীবন রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে নাটোরের সিংড়ায় ২০০টি তালের চারা রোপণ করা হয়েছে। স্কয়ার ক্রপ কেয়ারের উদ্যোগে বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১টায় সিংড়া উপজেলার রাতাল বাজার থেকে কুমগ্রাম বাজার সংযোগ সড়কের দুই পাশে এসব চারা রোপণ করা হয়। এর আগে পাবনার চাটমোহর উপজেলায় ৫০০টি তালের চারা রোপণের মাধ্যমে দেশব্যাপী কর্মসূচির সূচনা করা হয়।
চারা রোপণের পাশাপাশি খোলা মাঠে কাজ করা স্থানীয় কৃষকদের বজ্রপাতের ঝুঁকি সম্পর্কে সচেতন করতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি বজ্রপাতের ঝুঁকিও বাড়ছে। ২০১৬ সালে সরকার বজ্রপাতকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করে। খোলা মাঠে কর্মরত কৃষকদের মধ্যে বজ্রপাতে প্রাণহানির ঘটনা বেশি হওয়ায় তাদের সচেতনতা বাড়ানো জরুরি।
স্কয়ার ক্রপ কেয়ারের প্রতিনিধিরা জানান, কৃষক সমাজকে সুরক্ষা এবং প্রাকৃতিক পরিবেশ রক্ষায় এ সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের অন্যান্য বজ্রপাতপ্রবণ এলাকাতেও তালের চারা রোপণ কর্মসূচি অব্যাহত থাকবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর খামারবাড়ির অতিরিক্ত উপপরিচালক কল্যাণ প্রসাদ পাল, এসএপিপিও কার্তিক সরকার রায়, স্কয়ার ক্রপ কেয়ারের ম্যানেজার মোঃ মোস্তাফিজুর রহমান, জোনাল সেলস ম্যানেজার মোঃ মুরাদ হোসেন, ফিল্ড সেলস ম্যানেজার মোঃ আমিনুল ইসলাম, এসডিও মোঃ নুর আলমসহ স্থানীয় ব্যবসায়ীরা।



ফেসবুক কর্নার