October 1, 2026, 10:36 pm

চরমুগুরিয়া বন্দরে বানরের বসতি টিকে থাকার লড়াই

লিটন বেপারী, মাদারীপুর প্রতিনিধি।

মাদারীপুর জেলার প্রাচীন ও অন্যতম প্রধান নদীবন্দর চরমুগুরিয়া বাজার। ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি বন্দরটি দেশজুড়ে পরিচিত বন্য বানরের অবাধ বিচরণের জন্য। শত বছর ধরে মানুষের সঙ্গে বসবাস করে আসা বানরগুলো এখন চরমুগুরিয়া এলাকার ঐতিহ্যের অংশ। স্থানীয় প্রবীণ ও ইতিহাসপ্রেমীদের মতে, বন্দরটি জমজমাট বাণিজ্যিক ও পাট ব্যবসার কেন্দ্র থাকাকালীন সময় থেকেই এখানে বানরের উপস্থিতি দেখা যায়। তবে তাদের আগমন নিয়ে ব্যবসায়ী, সাধু-সন্ন্যাসীদের মাধ্যমে বানর আসা কিংবা প্রাকৃতিক পরিবেশে বংশবিস্তারের মতো নানা জনশ্রুতি রয়েছে।
একসময় চরমুগুরিয়া এলাকায় হাজার হাজার বানরের বিচরণ ছিল। কিন্তু অপরিকল্পিত নগরায়ণ, গাছপালা কমে যাওয়া এবং খাদ্যসংকটে বর্তমানে বানরের সংখ্যা কমে যাচ্ছে বলে স্থানীয়দের দাবি। পর্যাপ্ত খাবারের অভাবে প্রায়ই খাদ্যসংকটে পড়ছে প্রাণীগুলো। বানরগুলোর স্থায়ী সুরক্ষা ও আবাসস্থল নিশ্চিত করতে বন বিভাগের উদ্যোগে নয়াচর এলাকায় ‘চরমুগুরিয়া ইকোপার্ক’ স্থাপন করা হলেও এর পূর্ণাঙ্গ সুফল এখনও পাওয়া যাচ্ছে না।
স্থানীয় পরিবেশবাদী ও সচেতন মহল বলছে, চরমুগুরিয়ার ঐতিহ্যবাহী বানরগুলো রক্ষায় দীর্ঘমেয়াদি ও পরিকল্পিত উদ্যোগ প্রয়োজন। নিয়মিত খাদ্য সরবরাহের পাশাপাশি নিরাপদ আবাসস্থল নিশ্চিত করা জরুরি। মাঝেমধ্যে প্রশাসনের পক্ষ থেকে খাবার দেওয়া হলেও স্থায়ীভাবে বানরগুলোর জীবনধারণের পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত পদক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন তারা।



ফেসবুক কর্নার