October 12, 2026, 8:18 am
শিরোনাম :

কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তায় কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

অভয়নগর প্রতিবেদক

 

কন্যাশিশুর শিক্ষা, নিরাপত্তা, মর্যাদা ও ভবিষ্যৎ নিশ্চিত করতে সরকার সুস্পষ্ট নীতি ও কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উপলক্ষে রোববার (১১ অক্টোবর) দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। সোমবার (১২ অক্টোবর) দিবসটি পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য—‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’। প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিক সীমাবদ্ধতা, নিরাপত্তাহীনতা ও বৈষম্যের কারণে কোনো মেয়ের স্বপ্ন থেমে যাক, সরকার তা চায় না।

বাণীতে তিনি বলেন, কন্যাশিশুর নিরাপদে বেড়ে ওঠা, শিক্ষা, দক্ষতা ও আত্মবিশ্বাস বিকাশের সমান সুযোগ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। বাল্যবিবাহ ও বৈষম্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া নারীদের দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দিয়েছিলেন। একই ধারাবাহিকতায় বর্তমান সরকার নারীদের স্নাতকোত্তর পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার সুযোগ দিয়েছে বলে উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে প্রতিটি পরিবারের নারীপ্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হচ্ছে। কন্যাশিশু ও নারীর শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি এবং সামাজিক সুরক্ষায় বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের কাজও শুরু হয়েছে। বাস্তব ও ডিজিটাল—উভয় পরিসরে কন্যাশিশুর নিরাপত্তা ও অধিকার রক্ষায় পরিবার, সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। দিবসটি উপলক্ষে দেশের সব কন্যাশিশু, তাদের অভিভাবক ও দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।



ফেসবুক কর্নার