October 16, 2026, 3:06 pm
শিরোনাম :

দলীয় প্রার্থী হারলে ইউনিয়নে উন্নয়নকাজ বন্ধের হুঁশিয়ারি চিফ হুইপের

অভয়নগর প্রতিবেদক

 

দলীয় মনোনীত প্রার্থী নির্বাচনে জয়ী না হলে সংশ্লিষ্ট ইউনিয়নে উন্নয়নকাজ করবেন না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মনি। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মনি বলেন, দলীয় প্রার্থী জয়ী না হলে ওই ইউনিয়নে কোনো কাজ করবেন না তিনি। তাঁর এমন বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।

বিরোধী দলের সমালোচনা করে চিফ হুইপ বলেন, সরকার ক্ষমতায় এসেছে পাঁচ মাস হয়েছে, অথচ এরই মধ্যে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিয়ে দাবি জানিয়ে সরকারকে পদত্যাগ করতে বলা হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে বিদ্যুৎ খাতে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ তুলে তিনি দাবি করেন, এ খাতে এক লাখ কোটি টাকার বেশি অর্থ পাচার হয়েছে। আদানির বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে চুক্তির সমালোচনা করে তিনি বলেন, ওই অর্থ দিয়ে বাংলাদেশে পাঁচটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা সম্ভব হতো। এ ছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে ৩০ লাখ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগও করেন তিনি।

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে নূরুল ইসলাম মনি বলেন, তাঁদের কেউ ক্ষতি করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য অনুযায়ী, বাংলাদেশে সবাই সমান অধিকারসম্পন্ন নাগরিক। স্বাধীনতাযুদ্ধ ও ২০২৪ সালের আন্দোলনে সবাই একসঙ্গে অংশ নিয়েছেন উল্লেখ করে তিনি সনাতন সম্প্রদায়ের পূজায় সহযোগিতা করার আহ্বান জানান।



ফেসবুক কর্নার