
নেত্রকোণার দুর্গাপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তেলুঞ্জিয়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে লুৎফরুজ্জামান ফকির ওরফে আলীফ ফকির (৪৫) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আলীফ ফকির ‘রূপসী বাংলা’ টেলিভিশনের নেত্রকোণা জেলা প্রতিনিধি ছিলেন। তিনি কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের শুনুই গ্রামের মহব্বত আলী ফকিরের ছেলে। তিনি সাবেক সেনাসদস্য ছিলেন এবং ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় আলীফ ফকির তেলুঞ্জিয়া এলাকার রবিন রাংসার চায়ের দোকানে রেখে যাওয়া নিজের মুঠোফোন নিতে যান। এর আগে দুই যুবক ওই দোকান থেকে সিগারেট কেনেন। আলীফ ফকির দোকান থেকে বের হলে তাঁরা তাঁর পিছু নেন। কিছুক্ষণ পর তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। ঘটনাস্থলে গুলির খোসা পড়ে থাকতে দেখা গেছে। দোকানি রবিন রাংসা জানান, ওই দুই ব্যক্তির বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। কিছুক্ষণ পর তিনি তিনটি গুলির শব্দ শুনে ভয়ে বাড়ির ভেতরে চলে যান।
নিহতের স্ত্রী আনন্দিতা সাংমা জানান, স্বামীকে গুলি করে হত্যার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে গিয়ে তাঁকে মাটিতে পড়ে থাকতে দেখেন। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ খান জানান, নিহতের মাথা, গলা ও বুকসহ শরীরের বিভিন্ন স্থানে পাঁচটি গুলির আঘাত পাওয়া গেছে। নেত্রকোণার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে বিশেষ অভিযান চলছে। তবে হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের পরিচয় সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।