October 19, 2026, 6:32 pm

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী: ভূমিমন্ত্রী

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী প্রতিনিধি:

 

 

প্রধানমন্ত্রী তারেক রহমানের মঙ্গলবারের রাজশাহী সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। সফরে তিনি ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় যোগ দেওয়ার পাশাপাশি শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করবেন। সোমবার দুপুরে প্রস্তুতি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি। তিনি বলেন, অল্প সময়ের মধ্যে প্রস্তুতি নিতে হলেও রাজশাহীর মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আবেগ কাজ করছে।

ভূমিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটিই প্রথম রাজশাহী সফর। এ সফরে উত্তরাঞ্চলের কৃষি ও কৃষকদের স্বার্থ বিবেচনায় নিয়ে আখচাষিদের জন্য বিশেষ বার্তা দেওয়ার কথা রয়েছে। তাঁর দাবি, দীর্ঘ ১৭ বছরের সংগ্রামের মধ্য দিয়ে তারেক রহমান দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন। সফরে রাজশাহীর দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশাগুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে।

দাবিগুলোর মধ্যে রয়েছে বীজ সংরক্ষণের কার্যকর ব্যবস্থা, রাজশাহী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা, কৃষিভিত্তিক রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপন, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নির্মাণকাজ দ্রুত শেষ করা, পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং নগরীকে আনুষ্ঠানিকভাবে ‘শিক্ষা নগরী’ ঘোষণা। এদিকে সোমবার মাদ্রাসা মাঠ পরিদর্শন করেন সংসদ সদস্য শফিকুল হক মিলন, আবু সাঈদ চাঁদ, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, আরএমপি কমিশনার ফয়েজুল কবির, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা। তাঁরা সফরের প্রস্তুতি ও মাঠের কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন।



ফেসবুক কর্নার