দুর্গাপূজার প্রতিমা বিসর্জন নির্বিঘ্নে সম্পন্ন করতে ঢাকা মহানগরীতে ১৬ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এবার মহানগরীর ৩৩টি পয়েন্টে প্রতিমা বিসর্জন হবে। এর মধ্যে সবচেয়ে বেশি বিসর্জন হবে ওয়াইজঘাট এলাকায়। বুধবার (২১ অক্টোবর) পলাশী মোড়ে সাংবাদিকদের এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশন) মো. শহীদুল্লাহ।
তিনি জানান, ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শোভাযাত্রা শুরু হয়ে ওয়াইজঘাটে গিয়ে শেষ হবে। সেখানে প্রতিমা বিসর্জনের কার্যক্রম পরিচালিত হবে। শোভাযাত্রায় অংশ নিতে প্রতিমাগুলো ইতোমধ্যে নির্ধারিত স্থানে রাখা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই শোভাযাত্রা শুরু হওয়ার কথা রয়েছে।
নিরাপত্তায় পুলিশের ইউনিফর্মধারী সদস্যদের পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি), কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি), এসআরইউ, সোয়াট, বম্ব ডিসপোজাল ইউনিট, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও এসআরবির সদস্যরা দায়িত্ব পালন করছেন। শহীদুল্লাহ বলেন, এবার সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থার মধ্যে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় পুলিশের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। পূজার কার্যক্রম নির্বিঘ্নে শেষ করতে নগরবাসীর সহযোগিতাও কামনা করেন তিনি।